আলমডাঙ্গায় স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরির পাঠক বৈঠক অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গার অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠান স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরিতে পাঠক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে লাইব্রেরি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া এ অনুষ্ঠানে পাঠক, স্বেচ্ছাসেবী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি এনামুল হক। প্রধান আলোচক ছিলেন স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি ডা. রেজওয়ানুল হক বুলবুল এবং চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা নিগার সিদ্দিক কলেজের প্রভাষক খায়রুল ইসলাম, ভোঁদুয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট ছড়াকার ও চারণকবি মনোয়ার হোসেন, আলমডাঙ্গা সরকারি কলেজের ফিজিক্যাল এডুকেশন শিক্ষক সাঈদ এম. হিরন, এসআই অব পুলিশ হেলাল উজ্জামান, রুহুল কুদ্দুসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে প্রযুক্তিনির্ভরতার পাশাপাশি বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। একটি সমৃদ্ধ পাঠাগার কেবল বই ধার দেওয়ার স্থান নয়, বরং এটি জ্ঞানচর্চা, সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশের অন্যতম কেন্দ্র। তারা শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যবইয়ের পাশাপাশি লাইব্রেরিতে এসে বিভিন্ন বিষয়ে বই পড়ার আহ্বান জানান।
পরে বিশিষ্ট শিক্ষক, ছড়াকার ও চারণকবি মনোয়ার হোসেন বইপড়া ও লাইব্রেরির গুরুত্ব নিয়ে তাঁর স্বরচিত কবিতা আবৃত্তি করেন। তাঁর আবৃত্তি উপস্থিত অতিথি ও পাঠকদের মুগ্ধ করে এবং বইপড়ার প্রতি নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।