আব্দুর রহমান অনিক, দর্শনা
বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টায় দর্শনা পৌর অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি-সেক্রেটারিরা অংশ নেন।
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। বৈষম্যহীন, মানবিক, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাবে। জুলাই জাতীয় সনদ অবশ্যই বাস্তবায়ন করতে হবে। যদি তা বাস্তবায়ন না হয়, তাহলে দেশের মানুষ আবারও গণআন্দোলন গড়ে তুলবে। তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক ও সাংগঠনিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হুসাইন, অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক আবু সাদেক, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. আব্দুল কাদের, আলমডাঙ্গা উপজেলা আমির শফিউল আলম বকুল, দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী এবং ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মোঃ সাগর আহমেদ।
সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনোয়ারুল হক মালিক, ভাইস চেয়ারম্যান পদে হুমায়ুন কবির এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. আছিয়া খাতুনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
দর্শনায় জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে আরেকটি গণআন্দোলন সৃষ্টি হবে অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের



