স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কনের মাকে বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭-এর সংশ্লিষ্ট ধারায় দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্রের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গুলশানপাড়ায় এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়েছিল। তবে ওই কিশোরির বয়স ১৮ বছর পূর্ণ হয়নি। এ খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহ বন্ধ করে দেয়। পরে মেয়ের মা বাল্যবিয়ের আয়োজন করায় বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভবিষ্যতে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ের আয়োজন করবেন না মর্মে কনের মায়ের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা গুলশানপাড়ায় বাল্যবিয়ের আয়োজন ভণ্ডুল ভ্রাম্যমাণ আদালতে কনের মাকে দুই হাজার টাকা জরিমানা



