খেলাফত মজলিসের আয়োজনে চুয়াডাঙ্গায় আজ ‘নাগরিক সমাবেশ’ প্রধান অতিথি মামুনুল হক

স্টাফ রিপোর্টার
গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে জনমত গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে ‘নাগরিক সমাবেশ’ অনুষ্ঠিত হবে। আজ শনিবার শহরের শাহিদ গার্ডেনে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ উপলক্ষে গতকাল শুক্রবার সমাবেশ স্থলে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান স্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, ইসলামী চিন্তাবিদ আল্লামা মামুনুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ (এমপি)। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি শুয়াইব আহমাদ কাসেমী।
জেলা শাখার সেক্রেটারি মাওলানা জুবায়ের খান গণমাধ্যমকে বলেন, সমাবেশকে সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন ইউনিটে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সর্বস্তরের ওলামায়ে কেরাম, সুধীজন ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে আমন্ত্রণ কার্যক্রম চলমান রয়েছে।
তিনি উল্লেখ করেন, আমরা বিশ্বাস করি, এই নাগরিক সমাবেশে চুয়াডাঙ্গাসহ পার্শ্ববর্তী জেলার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করবেন এবং জনগণের ন্যায্য দাবি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।