চুয়াডাঙ্গায় কনটেন্ট ক্রিয়েটর মিলন মেলা ও পিকনিক অনুষ্ঠিত

তিতুদহ প্রতিনিধি :

চুয়াডাঙ্গা জেলার কনটেন্ট ক্রিয়েটরদের অংশগ্রহণে এক প্রাণবন্ত কনটেন্ট ক্রিয়েটর মিলন মেলা ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে।

তিতুদহ ইউনিয়নের ৬৩ আড়িয়ার মাঠে আয়োজিত এই মিলনমেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, সামাজিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা অংশ নেন।

দিনব্যাপী আয়োজনে ছিল পরিচিতি পর্ব, মতবিনিময়, আনন্দঘন আড্ডা, সাংস্কৃতিক পরিবেশনা, ফটোসেশন এবং মধ্যাহ্নভোজের আয়োজন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে ইতিবাচক ও মানসম্মত কনটেন্ট তৈরিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি জাহিদ হাসানের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়। আয়োজকদের আন্তরিকতা ও সুন্দর ব্যবস্থাপনায় অংশগ্রহণকারীরা দিনটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে উপভোগ করেন। উপস্থিত জনপ্রিয় ব্যক্তিদের সঙ্গে সময় কাটিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এমন আয়োজন নিয়মিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

অংশগ্রহণকারীরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে এবং জেলার কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের মিলনমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজক জাহিদ হাসান বলেন, চুয়াডাঙ্গার কনটেন্ট ক্রিয়েটরদের এক প্ল্যাটফর্মে এনে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং সবার মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি ভবিষ্যতেও এ ধরনের আরও বৃহৎ পরিসরের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।

সব মিলিয়ে প্রকৃতির মনোরম পরিবেশে অনুষ্ঠিত এই কনটেন্ট ক্রিয়েটর মিলন মেলা ও পিকনিক অংশগ্রহণকারীদের জন্য স্মরণীয় একটি দিনে পরিণত হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।