জীবননগরে আইসিটি কর্মকর্তা মাহমুদুকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্ত্রীসহ ৪ জনের নামে মামলা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে পরিবারের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
জীবননগর উপজেলা আইসিটি অফিসার ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মরহুম মাহমুদুর রহমান মাহমুদের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে পরিবারের সদস্যদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) বলেন, গত ১৯ জুন জীবননগরের আশতলা এলাকার ভাড়া বাসা থেকে মাহমুদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বাবা মো. আতাউর রহমান বাদী হয়ে মাহমুদের স্ত্রী নাসরিন আক্তার ইতি, শ্যালক জাহাঙ্গীর আলম, শাশুড়ি জাহানারা খাতুন ও স্ত্রীর দুলাভাই নাহিদ হোসেনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।
তিনি অভিযোগ করেন, ঘটনার পরপরই বাসাটি পুলিশ হেফাজতে না নেওয়ায় এবং প্রাথমিক তদন্তে গাফিলতির কারণে গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হওয়ার সুযোগ সৃষ্টি হয়। পরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, দাম্পত্য কলহের জেরে মাহমুদ দীর্ঘদিন মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার ছিলেন। ঘটনার দিন এবং আগের রাতে তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করা হয়। এছাড়া মাহমুদের স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সন্দেহের কথাও তুলে ধরা হয়। পরিবারের দাবি, আত্মহত্যার পাশাপাশি হত্যাকাণ্ডের সম্ভাবনাও তদন্তে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। সংবাদ সম্মেলনে বক্তারা ডিবির নিরপেক্ষ ও গভীর তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মৃত মাহমুদুর রহমানের পিতা আতাউর রহমান, মাতা হাসিনারা নার্গিস, বোন মেহেনাজ আক্তার মিতা, বন্ধু ওয়াহেদ মল্লিক, মানবতা ফাউন্ডেশনের নির্বাহী সদস্য রউফুন নাহার রিনা, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি নাজমুল হক স্বপন, সহ-সভাপতি রফিক রহমান, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি রফিকুল ইসলাম, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, বার্তা সম্পাদক পলাশ উদ্দিন সহ প্রেসক্লাব সদস্য ও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
এ বিষয়ে অভিযুক্ত বিবাদী নিহতের স্ত্রী নাসরিন আক্তার ইতি, জাহাঙ্গীর আলম ও জাহানারা খাতুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের তিনটি নাম্বারই বন্ধ পাওয়া যায়। যার কারণে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রসংগত: ১৯ জুন সকালে সাড়ে ৭টার দিকে জীবননগর ভাড়া বাসা থেকে জীবননগর উপজেলা আইসিটি অফিসার মাহমুদুর রহমান মাহমুদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।