খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গার কয়েকজন উচ্চশিক্ষিত ও প্রগতিশীল যুবক মিলে ১৯৯৮ সালে গঠন করেন “স্বয়ম্ভর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন”। আলমডাঙ্গার যুবসমাজকে সৃজনশীল, মননশীল ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই ছিল এই সংগঠনের মূল লক্ষ্য। এই মহৎ উদ্যোগের পেছনে যাঁরা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন: এ কে এম ফারুক, এনামুল হক, রাসেদুল কবির স্বান্তন, গোলাম কিবরিয়া মৃদুল, ফজলে রহমান মিলন।
সংগঠনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আলমডাঙ্গা বিএডির একটি পরিত্যক্ত গোডাউনে শুরু হয় নানা স্বেচ্ছাসেবী কার্যক্রম। যুব ও শিশু-কিশোরদের মেধা বিকাশে সেখানে চালু হয় বই পড়া, খেলাধুলা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন এবং সুন্দর হাতের লেখা প্রশিক্ষণের মতো চমৎকার সব আয়োজন। কার্যক্রমকে আরও সুনির্দিষ্ট ও বেগবান করতে পরবর্তীতে গড়ে তোলা হয় দুটি অঙ্গ সংগঠন—”স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি” ও “স্বয়ম্ভর ক্রীড়া কুঠি”। আজকের যে চকচকে, বইয়ে ঠাসা লাইব্রেরিটি আমরা দেখি, তার আঁতুড়ঘর ছিল সেই তালগাছ তলার জীর্ণ গোডাউনটি। অতীতের সেই সোনালী স্মৃতির সাক্ষী হয়ে আজও সেখানে এক পায়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক তালগাছটি। একসময় প্রতিদিন বিকেলে শিশু, কিশোর আর যুবকদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠত এই প্রাঙ্গণ।
দুর্ভাগ্যবশত, কোনো স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করেই একপর্যায়ে এই ঐতিহ্যবাহী সংগঠনটিকে সেখান থেকে উচ্ছেদ করা হয়। তবে উদ্যোক্তাদের অদম্য ইচ্ছা আর ভালোবাসার কাছে এই প্রতিবন্ধকতা হার মানে। কার্যক্রম সচল রাখতে হাইরোডে সিঞ্জুল মিয়ার একটি ছোট দোকান ঘর ভাড়া নেওয়া হয়। একটি লম্বা টেবিল, দুটি বেঞ্চ আর মাত্র একটি বইয়ের আলমারি সম্বল করে শুরু হয় স্বয়ম্ভরের নতুন এক সংগ্রাম। সেখান থেকে পরবর্তীতে ওমর ডাক্তারের একটি কক্ষে স্থানান্তরিত হয় লাইব্রেরিটি। সেখানে দুই বছর কাটানোর পর, আবারও আস্তানা বদল করে কলেজ রোডের একটি ভাড়া দোকানে চলে এর কার্যক্রম। আজকের স্বয়ম্ভর: আমাদের গর্ব যাযাবরের মতো একের পর এক ঠিকানা বদল আর নানা চড়াই-উতরাই পার হয়ে স্বয়ম্ভর আজ এক স্থায়ী ও মর্যাদাপূর্ণ অবস্থানে এসে পৌঁছেছে। বর্তমানে আলমডাঙ্গা হাইরোড সংলগ্ন ‘জিস টাওয়ার’-এর দ্বিতীয় তলায় সগৌরবে আলো ছড়াচ্ছে আমাদের প্রাণের প্রতিষ্ঠান স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি।
যেই লাইব্রেরিটি একদা একটি মাত্র আলমারি নিয়ে যাত্রা করেছিল, আজ সেখানে জ্ঞানের বিপুল সমাহার। বিজ্ঞান, প্রযুক্তি, ইতিহাস, সাহিত্য, ধর্ম, কিশোর-কিশোরীদের উপযোগী বই এবং শিশুদের জন্য ছড়া-কবিতা (পদ্য) ও গল্পের (গদ্য) মতো বৈচিত্র্যময় বিষয়ে ঠাসা তিন সহস্রাধিক বই রয়েছে এই লাইব্রেরিতে।
আলমডাঙ্গা স্বয়ম্ভর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পাবলিক লাইব্রেরির ইতিকথা



