দামুড়হুদায় রাসায়নিক সার ব্যবহারে সচেতনতা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে সভায় ডিসি লুৎফুন নাহার 

দামুড়হুদা অফিস

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষিজমিতে পরিমিত ও সঠিক নিয়মে রাসায়নিক সার ব্যবহার, জৈব প্রযুক্তির প্রয়োগ বৃদ্ধি এবং তামাক চাষ নিরুৎসাহিতকরণে কৃষকদের উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। 

সভায় কৃষিজমিতে প্রয়োজনের অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ক্ষতিকর দিক, মাটির উর্বরতা হ্রাস এবং পরিবেশের ওপর এর বিরূপ প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে মাটির স্বাস্থ্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জৈব সার ও জৈব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, “কৃষিজমির স্বাস্থ্য রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে কৃষকদের সচেতন হওয়ার বিকল্প নেই। প্রয়োজনের অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে মাটির স্বাভাবিক গুণাগুণ নষ্ট হয়। তাই পরিমিত ও সঠিক নিয়মে সার ব্যবহারের পাশাপাশি জৈব সার ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। তিনি আরও বলেন, “তামাক চাষ শুধু কৃষিজমির ক্ষতি করে না, এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। কৃষকদের তামাক চাষ থেকে বেরিয়ে এসে খাদ্যশস্যসহ লাভজনক ও পরিবেশবান্ধব বিকল্প ফসল চাষে উৎসাহিত করতে হবে। কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে তামাক চাষ নিরুৎসাহিত করতে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। 

সভায় উপস্থিত ছিলেন নব যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, বীর মুক্তিযোদ্ধা ও দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, জামায়াতে ইসলামীর দামুড়হুদা থানা আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজ্জোহা পলাশ, দর্শনা প্রেসক্লাব সভাপতি ইকরামুল হক পিপুল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুন নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।