আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বন্ডবিল স্কুলপাড়ায় মসজিদের সামনে ত্রিমোহনী সড়কটি সংশ্লিষ্ট এলাকার মৌজা ম্যাপে মুদ্রিত রাস্তার নকশা অনুযায়ী পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার কয়েকটি রাস্তার উন্নয়ন ও পুনর্নির্মাণের কাজ শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বন্ডবিল স্কুলপাড়ার মসজিদের সামনে ত্রিমোহনী সড়কটিও রয়েছে।স্থানীয়দের অভিযোগ, অতীতে ওই সড়ক নির্মাণের সময় মৌজা ম্যাপে মুদ্রিত মূল রাস্তার নকশা অনুসরণ না করে ভিন্নভাবে রাস্তা নির্মাণ করা হয়। এতে প্রকৃত রাস্তার জমির একটি অংশ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এলাকাবাসীর দাবি, মৃত মওলা বক্সের ছেলে রেজাউল হক প্রকৃত রাস্তার জমির অংশে বাড়ির গেট, বারান্দা ও সীমানাপ্রাচীর নির্মাণ করে দখলে রেখেছেন।
স্থানীয়দের আরও অভিযোগ, রাস্তার জমি নিয়ে এ অবস্থার কারণে পাশের মসজিদের নির্মাণকাজও বাধাগ্রস্ত হচ্ছে। ফলে মসজিদের নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। বিষয়টি দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে রাস্তা ও মসজিদ—দুই ক্ষেত্রেই জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ অবস্থায় এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সরকারি রেকর্ড, মৌজা ম্যাপ ও বাস্তব জমি সরেজমিনে পরিমাপ করে প্রকৃত রাস্তার সীমানা নির্ধারণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে মৌজা ম্যাপে মুদ্রিত নকশা অনুযায়ী রাস্তা পুনর্নির্মাণ এবং রাস্তার জমি সংক্রান্ত জটিলতা আইনানুগভাবে নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, রাস্তার পুনর্নির্মাণকাজ শুরুর আগেই প্রশাসন বিষয়টি সরেজমিনে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এতে একদিকে যেমন রাস্তার প্রকৃত সীমানা নিশ্চিত হবে, অন্যদিকে মসজিদের নির্মাণকাজও নির্বিঘ্নে সম্পন্ন করার সুযোগ সৃষ্টি হবে।



