স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মানহীন পণ্য বিক্রি ও সংরক্ষণ করার অপরাধে ‘টুকিটাকি স্টোর’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার ( অক্টোবর) উপজেলার বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনাকালে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সূত্রে জানা গেছে, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার বাজার এলাকায় বাজার তদারকি অভিযান চালানো হয়। এ সময় টুকিটাকি স্টোরে অস্বাস্থ্যকর ও মানহীন পণ্য বিক্রির উদ্দেশ্যে মজুত ও সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জনস্বার্থে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় জেলা জুড়ে এই ধরনের বাজার তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।



