দামুড়হুদা অফিস
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী গঠিত এ কমিটি গত ৮ জুন ২০২৬ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের অনুমোদন লাভ করে।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার। সদস্য হিসেবে রয়েছেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং দর্শনার ক্রীড়া সংগঠন সাহিকুল আলম অপু। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন এস এম মাহবুবুর রহমান বাচ্চু।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ সংক্রান্ত স্মারকটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরসমুহে অবহিতকরণের জন্য প্রেরণ করা হয়েছে। স্থানীয় ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন অ্যাডহক কমিটির মাধ্যমে দীর্ঘদিন স্থবির থাকা উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে গতি ফিরে আসবে এবং দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করবে।
দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদন সদস্য সচিব মাহবুবর রহমান বাচ্চু



