স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ক্যানোলা, স্যালাইন, পাইপসহ বিভিন্ন জরুরি চিকিৎসাসামগ্রীর সংকট রয়েছে বলে অভিযোগ উঠেছে। ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যরা শিশু ওয়ার্ড পরিদর্শনকালে এ চিত্র দেখতে পান। গতকাল বৃহস্পতিবার এনসিটিএফ চুয়াডাঙ্গা জেলা শাখার দুটি টিম সদর হাসপাতালের শিশু ওয়ার্ড মনিটরিং কার্যক্রম পরিচালনা করে। পরিদর্শনকালে সেবা নিতে আসা শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন সংগঠনটির সদস্যরা।
অভিভাবকদের অভিযোগ, শিশুদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী যেমন ক্যানোলা, স্যালাইন, পাইপ, নাপা সিরাপসহ অধিকাংশ উপকরণই বাইরের ফার্মেসি থেকে কিনে আনতে হচ্ছে। এতে চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং রোগীর স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এ বিষয়ে দায়িত্বরত এক নার্স লোকবল ও চিকিৎসাসামগ্রীর সংকটের কথা স্বীকার করেন। তিনি জানান, প্রায় শতাধিক শিশু রোগীর সেবায় মাত্র একজন নার্স দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে কয়েকজন ইন্টার্ন নার্স থাকলেও অনেক সময় রোগীর স্বজনরা তাদের কাছ থেকে সেবা নিতে অনীহা প্রকাশ করেন।
তিনি আরও জানান, বর্তমানে সরকারি বরাদ্দের ক্যানোলা, ইনজেকশন, স্যালাইন, তুলা, টেপ, পাইপ ও নাপা সিরাপের মতো প্রয়োজনীয় সামগ্রী শিশু ওয়ার্ডে নেই। ফলে চিকিৎসাসেবা প্রদানে বিঘ্ন ঘটছে এবং রোগীদের এসব সামগ্রী বাইরে থেকে কিনতে হচ্ছে। এতে রোগীরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি ভোগান্তিও বাড়ছে।
এনসিটিএফ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এস. এ. সাদিক বিন রহমান বলেন, লোকবল সংকট, অপরিচ্ছন্ন পরিবেশ এবং জরুরি চিকিৎসাসামগ্রীর অপ্রতুলতার কারণে শিশু ওয়ার্ডের সেবা কার্যক্রম চ্যালেঞ্জের মুখে রয়েছে। তিনি জানান, পরিদর্শনে পাওয়া বিষয়গুলো শিগগিরই সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। তবে এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


