দামুড়হুদা অফিস
জনবলের অভাবে দীর্ঘদিন বন্ধ থাকার পর দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় অপারেশন থিয়েটার (ওটি) কার্যক্রম চালু করা হয়েছে। গতকাল রবিবার জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় প্রথম অপারেশন হিসেবে চিৎলা গ্রামের আব্দুল্লাহর স্ত্রী রাবেয়া খাতুন (২১)-এর সফল অ্যাপেনডিসেকটমি (অঢ়ঢ়বহফরপবপঃড়সু) সম্পন্ন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি রুহুল আমিন এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, সার্জারি বিশেষজ্ঞ ডা. এহসানুল হক তন্ময়, অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. মোস্তফা কামাল, আরএমও ডা. মহিব্বুল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নায়েব আলী, সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটন, সহকারী সেক্রেটারি আবুল বাশার, যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, জামায়াতে ইসলামীর দায়িত্বশীল ইসমাইল হোসেন ও সিরাজুল ইসলাম, স্থানীয় নেতৃবৃন্দসহ স্বাস্থ্যকর্মীরা।
অপারেশন কার্যক্রম উদ্বোধনকালে সংসদ সদস্য রুহুল আমিন বলেন, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার পুনরায় চালু হওয়া এ অঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিন ধরে রোগীদের ছোটখাটো অস্ত্রোপচারের জন্য জেলা সদর বা অন্য জায়গায় যেতে হতো। এখন স্থানীয়ভাবে এসব সেবা নিশ্চিত হওয়ায় সাধারণ মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমবে। হাসপাতালের সেবার মান আরও উন্নয়নে সরকার ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করে যাবে।
তিনি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় সকল সহযোগিতা অব্যাহত থাকবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সহায়তা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের অস্ত্রোপচার কার্যক্রম পরিচালনা করা হবে। ফলে উপজেলার হাজারো মানুষ স্থানীয় পর্যায়েই উন্নত স্বাস্থ্যসেবা লাভের সুযোগ পাবেন।
দীর্ঘদিন পর অপারেশন থিয়েটারের কার্যক্রম পুনরায় চালু হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মনে করছেন, এ উদ্যোগের ফলে উপজেলার সাধারণ মানুষ কম খরচে এবং দ্রুত সময়ে প্রয়োজনীয় অস্ত্রোপচার সেবা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হলো অপারেশন থিয়েটারের কার্যক্রম



