চুয়াডাঙ্গার মোমিনপুর রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর রেলওয়ে স্টেশনের অদূরে  ট্রেনে কাটা পড়ে ইকবাল হোসেন মালিতা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের কান্তপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত আলতাব হোসেন মালিতা। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে মোমিনপুর রেলস্টেশন সংলগ্ন কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা থেকে চিলাহাটি অভিমুখী রকেট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই জানান, তার ভাই দীর্ঘদিন ধরে  ভবঘুরের মতো ঘুরে বেড়াতেন। চার দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যদের কাছে তিনি আত্মহত্যার ইচ্ছার কথাও বলেছিলেন। এছাড়া তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। জীবিকার জন্য তিনি বিভিন্ন ট্রেনে ভিক্ষাবৃত্তি করতেন।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই জগদীশ জানান, বিকেল ৩টার দিকে খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে ট্রেনে আঘাতপ্রাপ্ত হয়ে এক ব্যক্তির মৃত্যুর সত্যতা পায়। পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয় এবং তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন এবং মাদক ইনজেকশন ব্যবহার করতেন। তার বিরুদ্ধে কয়েকটি মামলাও রয়েছে। তার চার কন্যা সন্তান রয়েছে। তিনি বিভিন্ন সময় ট্রেনে ঘুরে বেড়াতেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।