আলমডাঙ্গা অফিস
বিশ্বকাপ ফুটবল মানেই আবেগ, উন্মাদনা আর প্রিয় দলকে ঘিরে নানা আয়োজন। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতা যেন এক চিরচেনা গল্প। সেই আবেগকে আরও প্রাণবন্ত করে তুলতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ।
গতকাল শনিবার বিকাল ৫টায় কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ম্যাচকে কেন্দ্র করে এলাকার ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। মাঠের চারপাশে জড়ো হন বিভিন্ন বয়সী দর্শক। কেউ আর্জেন্টিনার জার্সি, কেউবা ব্রাজিলের পতাকা হাতে প্রিয় দলের প্রতি সমর্থন জানান। খেলাকে ঘিরে সৃষ্টি হয় বিশ্বকাপের আবহ।
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন হোসেন বলেন, বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন উপলক্ষে খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিদাসপুরের ক্রীড়া সংগঠক ইদ্রিস মালিথা, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, কেন্দ্রীয় বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন হোসেন, উপজেলা শাখার সহ-সভাপতি শাহানুর আহমেদ, সভাপতি আলমগীর হোসেন লালটু, সাধারণ সম্পাদক মাসুম পারভেজ নাহিদ, কোষাধ্যক্ষ লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজন, ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফাসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। মাঠে ছিল দর্শকদের করতালি, শিস আর উচ্ছ্বাস। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনা সমর্থক দল দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ব্রাজিল সমর্থক দলকে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করে জয় তুলে নেয়। প্রতিটি গোলের সঙ্গে সঙ্গে সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। প্রথম গোলদাতা হিসেবে পুরস্কৃত হলেন আর্জেন্টিনা দলের মেহেদী হাসান, সেরা খেলোয়াড় নির্বাচিত হন আর্জেন্টিনা দলের গোলরক্ষক ফিরোজ আহমেদ।
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় আলমডাঙ্গায় প্রীতি ম্যাচে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের উৎসবের আমেজ



