আরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
প্রচণ্ড তাপপ্রবাহ ও তীব্র গরমে জনসাধারণের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের উদ্যোগে সপ্তাহব্যাপী বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, ছাতা ও হাতপাখা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গোল চত্বর, কোর্ট মোড় ও হাসান চত্বরে এ কার্যক্রম পরিচালিত হয়। কার্যক্রমের শেষ দিনেও হাসপাতালে আগত রোগী, রোগীর স্বজন এবং বিভিন্ন কাজে বের হওয়া পিপাসার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, ছাতা ও হাতপাখা বিতরণ করেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকরা।
চুয়াডাঙ্গা জেলা রেড ক্রিসেন্টের ইউনিট অফিসার শেখ মাহামুদুন্নবি জানান, গত সাত দিনের এ মানবিক কার্যক্রমে মোট ১০০টি ছাতা ও ৩ হাজার ৫০০টি হাতপাখা বিতরণ করা হয়েছে। এছাড়া প্রায় ১ হাজার লিটার বিশুদ্ধ পানি জনসাধারণের মধ্যে সরবরাহ করা হয়েছে। এ সময় স্বেচ্ছাসেবকরা তীব্র গরমে স্বাস্থ্য সুরক্ষায় পর্যাপ্ত পানি পান, প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং হিটস্ট্রোক প্রতিরোধে সচেতন থাকার পরামর্শ দেন।
তীব্র গরমে চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্টের আয়োজনে সপ্তাহব্যাপী বিশুদ্ধ পানি, ছাতা ও হাতপাখা বিতরণ সম্পন্ন



