গাংনীতে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে বজ্রপাতে আলী হোসেন (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে| বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে| নিহত আলী হোসেন বাওট সোলায়মানী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং মটমুড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর বড় ছেলে|
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে বাড়ির পাশের খোলা মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল আলী হোসেন| এ সময় হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়| পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বামন্দী বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন| এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে|
স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলী হোসেনসহ কয়েকজন বন্ধু বাড়ির পাশের খোলা মাঠে ফুটবল খেলছিল| একপর্যায়ে বৃষ্টি শুরু হলেও তারা খেলা চালিয়ে যায়| এ সময় আকস্মিক বজ্রপাতে আলী হোসেন ঘটনাস্থলেই মারা যায়|
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বজ্রপাতে স্কুল শিক্ষার্থী নিহত হওয়ার খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে| জেলা প্রশাসকের নির্দেশনায় নিহতের পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে|
তিনি আরও বলেন, এ ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক| এ বছর বৃষ্টির সময় বজ্রপাতের ঘটনা বেড়েছে| তাই ঝড়-বৃষ্টির সময় সবাইকে সচেতন থাকতে হবে এবং নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে হবে|
উল্লেখ্য, আবহাওয়া বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে অবস্থান এবং ধাতব বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে থাকেন| বিশেষ করে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া জরুরি|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।