দামুড়হুদায় ঝুঁকিপূর্র্ণ বাঁশের সাঁকোতে চলাচল, স্থায়ী ভাবে সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর

সাইদুর রহমান, দামুড়হুদা
দামুড়হুদা উপজেলার নাটুদহ ও নতিপোতা ইউনিয়নের সীমান্তবর্তী দুলালনগর-নতিপোতা এলাকায় ভৈরব নদীর ওপর নির্মিত একটি জরাজীর্ণ বাঁশের সাঁকো ওপর নির্ভর করে চলাচল করছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে ব্যবহৃত সাঁকোটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় চলতি বর্ষা মৌসুমে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দুলালনগর, নতিপোতা, কালিয়াবকরি, ছুটিপুর পোতারপাড়া, গোপালপুর ও ভগীরথপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের জন্য ভৈরব নদী পারাপারের অন্যতম ভরসা এই বাঁশের সাঁকো। স্থানীয় বাসিন্দারা জগন্নাথপুর বাজার, ব্যাংক, মহাজনপুর কলেজসহ চারুলিয়া হাইস্কুল সহ  বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের জন্য প্রতিনিয়ত এটি ব্যবহার করছেন।
এলাকাবাসীর অভিযোগ,এই বাঁশের সাঁকো দিয়ে কোনো রকমে মোটরসাইকেল ও সাইকেল পারাপার করা গেলেও পণ্যবাহী বা অন্যান্য যানবাহন চলাচল সম্ভব নয়। এতে কৃষিপণ্য পরিবহন কিংবা অসুস্থ রোগী নিয়ে গন্তব্যে যেতে তাদের হেমায়েতপুর-চারুলিয়া হয়ে অতিরিক্ত ৪ থেকে ৫ কিলোমিটার পথ ঘুরতে হয়। যার কারণে সময় ও অর্থ দুটোরই অপচয় হচ্ছে।
দুলালনগর গ্রামের বাসিন্দা রমজান আলী ওরফে টিটন বলছিলেন, ‘বহু বছর ধরে আমরা এই বাঁশের সাঁকো ওপর নির্ভর করে চলছি। একটি স্থায়ী ভাবে সেতু হে এলাকাবাসীর দীর্ঘদিনের আশা পূরণ হবে।
একই গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ফারুকুজ্জামান বকুল বললেন, মাঠ থেকে ফসল ঘরে তুলতে কিংবা নিত্যপ্রয়োজনীয় কাজে যেতে অতিরিক্ত পথ ঘুরতে গিয়ে কৃষকদের ভোগান্তি ও খরচ দুটোই বাড়ছে। আমরা দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানাই।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম ও নজরুল ইসলাম জানালেন, বিভিন্ন সময়ে সরকারি কর্মকর্তারা এসে স্থান পরিদর্শন ও পরিমাপ করে গেলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে হতাশা বাড়ছে।
বাঁশের সাঁকোটি নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা স্থানীয় ইজারাদার নাজমুল হোসেন বলেন, প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। প্রতি বছর সংস্কারেও ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়। কিন্তু অধিকাংশ মানুষ নিয়মিত টোল না দেওয়ায় ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। ফলে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ সম্ভব হচ্ছে না। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্ষার স্রোতে যেকোনো সময় বাঁশের সাঁকো ভেসে যেতে পারে।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা প্রকৌশলী খালিদ হাসান বলেন, বাঁশের সাঁকোর বর্তমান অবস্থা আমরা পর্যবেক্ষণ করেছি এবং বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখানে একটি স্থায়ী ভাবে সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হচ্ছে। তবে ততদিন পর্যন্ত সবাইকে সতর্কতার সঙ্গে বাঁশের সাঁকোটি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।