দামুড়হুদা অফিসঃ
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ডায়াগনস্টিক সেন্টারের দুই ল্যাব টেকনিশিয়ানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চিৎলা হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার শুভ ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে নিয়মিত ল্যাব টেকনিশিয়ান না থাকলেও কার্যক্রম চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। এ বিষয়ে প্রশাসনের কাছে তথ্য পৌঁছালে তদন্তে নেমে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট ল্যাব টেকনিশিয়ান মেহেদী হাসানকে হাজির করে। জিজ্ঞাসাবাদে তিনি প্রথমে চাকরি ছেড়ে দেওয়ার কথা বললেও পরে বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। এছাড়া মালিকপক্ষের সঙ্গে বেতন সংক্রান্ত বিরোধের বিষয়ও উঠে আসে। ভ্রাম্যমাণ আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা ও বিভিন্ন অনিয়মের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, রিশা ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনিশিয়ান ওমর ফারুক অন্য একটি প্রতিষ্ঠানে কর্তৃপক্ষকে না জানিয়ে অনিয়মিতভাবে টাকার বিনিময়ে কাজ করতেন বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হলে তিনি দায় স্বীকার করেন। এক ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানে অনুমোদন ছাড়া ল্যাব টেকনিশিয়ানের দায়িত্ব পালন করায় স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে এবং এটি প্রচলিত মেডিক্যাল নীতিমালার পরিপন্থী উল্লেখ করে তাকে ৫ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়। উভয়ের কাছ থেকে জরিমানার টাকা পরিশোধ করা হয়।
অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান উপস্থিত ছিলেন।
দামুড়হুদায় দুই ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনিশিয়ানকে ১৫ হাজার টাকা জরিমানা



