স্টাফ রিপোর্টার
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে দেশব্যাপী “নতুন কুড়ি স্পোর্টসের চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের ফাইনাল খেলা আজ। আজ রবিবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে দুপুর ২টায় বালিকা ও বিকেল ৩টায় বালক ফুটবলের জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বালক-বালিকা দু- বিভাগের ফাইনাল খেলা শেষে ৯ দিন ব্যাপী অনুষ্ঠিত “নতুন কুড়ি” স্পোর্টসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিকেল ৪ টায় । এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয়ভাবে ঘোষিত ৮ টি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানার আপ ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফন নাহার।
গত ২ মে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। জমকালো ও চোখ ধাঁধানো এ উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন চত্বরের ডিসি সাহিত্যমঞ্চ থেকে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পর ঐদিন বিকেল ৪টায় জেলা প্রশাসন চত্বরের অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন গ্রাউন্ডে নতুনকুড়ি স্পোর্টসের চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের বালক- বালিকা ব্যাডমিন্টন প্রতিযোগিতার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা ভ্যেনুর কার্যক্রম শুরু হয়। আজ রোববার বিকেল ৪টায় ৮ টি ইভেন্টের বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেয়ার মধ্য দিয়ে নতুন কুড়ি স্পোর্টসের চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের কার্যক্রমের পর্দা নামবে।
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজা ৯ দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৮ ইভেন্টের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও এ প্রতিযোগিতার সাথে জড়িত সাবেক বর্তমান, খেলোয়াড় এবং আমন্ত্রিতদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।



