স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। সভায় জেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাজেটসহ কার্যপরিধি উপস্থাপন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল।
সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬- চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের খেলা গুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য সভার সভাপতির অনুমতিক্রমে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত হয় ১১ ও ১২ ই মে জেলা পর্যায়ে বালক-বালিকা বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, তরুণ প্রজন্মের বালক বালিকাদেরকে খেলাধুলায় আগ্রহী করতে পড়াশোনার মপোশাপাশি সুস্থ ধারার শরীর চর্চা অভ্যাস করতে সরকারিভাবে দেশব্যাপী এ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তাই এ আয়োজনকে সফল ও সার্থক করতে ৪ উপজেলা নির্বাহী অফিসারসহ প্রাথমিক শিক্ষা অফিসারদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। খুদে বালক বালিকাদেরকে পরিপাটি ও সুশৃংখল এবং সুসজ্জিত পোশাকে খেলার মাঠে নিরাপত্তার সহিত আনতে হবে। খেলা শেষে আবারো তাদেরকে যথাযথভাবে নিজগৃহে পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে হবে। যে উপজেলা এই কাজটি সুন্দর ও পরিপাটি ভাবে সম্পন্ন করতে পারবে তাদের জন্য থাকবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতার পুরষ্কার ও সমাপনী অনুষ্ঠান আগামী ১২ই মে অনুষ্ঠিত হবে।
এসময় আরোও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বি.এম তারিক উজ জামান, নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মফিজুর রহমান জোয়ার্দ্দারসহ জেলা প্রাথমিক দপ্তরের ৪ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে জড়িত ক্রীড়া অনুরাগী ব্যক্তিবর্গ।
চুয়াডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত



