দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা দমন, মানবপাচার রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ইনোভেশন ফলোআপ মনিটরিং, সাইবার সিকিউরিটি এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মশিউর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা জামায়াতের আমির নায়েব আলি, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলি, হাউলি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, দামুড়হুদা মডেল থানা ও বিজিবির প্রতিনিধিরা।
সভায় চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলার গোবিন্দহুদা গ্রামের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মাসুদ বিল্লাহ মন্টুর নিজস্ব দুই বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর সভায় জোর দেওয়া হয়।
দামুড়হুদায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত



