ঝিনাইদহ অফিস
ঝিনাইদহে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে “আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে একটি র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান।
ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: নোমান হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো: কামরুজ্জামাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন মসজিদের ইমাম এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: নোমান হোসেন বলেন, শব্দ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি ও সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শব্দ দূষণ প্রতিরোধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা হবে। হাইড্রোলিক হর্ন, লাউড স্পিকার ও উচ্চশব্দে মাইকিং বন্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝিনাইদহে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত



