স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সমাপনী দিনে বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বালিকা বিভাগের ফাইনালে অঙ্গীকার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৩-২ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় অঙ্গীকার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিভাগে রাফা সর্বোচ্চ গোলদাতা এবং জুথি ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
অপরদিকে বালক বিভাগের ফাইনালে পুষ্প কানন সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ বিভাগে হুসাইন সর্বোচ্চ গোলদাতা এবং জুনাইদ ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লাইলা সালিমা নাসরিন।
এ সময় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন, এস এম আবুল ফজল, রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, চুয়াডাঙ্গা পৌর বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন, কৃতি ফুটবলার সরোয়ার হোসেন জোয়ারদার মধু, তরিকুল ইসলাম তরুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচ পরিচালনা করেন লিটা হোসেন, ইমাম হোসেন, পারভেজ, হাজী আব্দুল ওয়াহেদ, সামিউল ইসলাম, মেজবাহউদ্দিন শোভন ও রওশন আলী স্বপন।
চুয়াডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের সমাপনী ও পুরস্কার বিতরণ



