আলমডাঙ্গা অফিস
“মাদককে না বলে খেলাধুলাকে হ্যাঁ বলি” স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলায় বিভিন্ন বিদ্যালয়ে সপ্তাহব্যাপী খেলাধুলা ও পুরস্কার বিতরণ কর্মসূচি পালন করেছে যুব ফোরাম। গতকাল বুধবার সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান লিমনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো। সপ্তাহব্যাপী এ আয়োজনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে নানা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, যুব ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ঈশান বাবু, কোষাধ্যক্ষ তনিমা আফরোজ, সদস্য আব্দুল কাউয়ুম, পার্থিব হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
যুব ফোরামের সভাপতি আসাদুজ্জামান লিমন বলেন, খুলনা বিভাগের ১০ জেলায় একযোগে এ সপ্তাহব্যাপী খেলাধুলার আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে শিশুরা আনন্দের পাশাপাশি সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হচ্ছে।
আলমডাঙ্গায় সপ্তাহব্যাপী খেলাধুলা ও পুরস্কার বিতরণ কর্মসূচির উদ্ধোধন



