হাটবোয়ালিয়ায় জন্মগত প্রতিবন্ধী মুসলিমা খাতুনের জন্য মানবিক সহায়তার আহ্বান

হাটবোয়ালিয়া প্রতিনিধি
আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মৃত ছাকারদ্দীন ও মৃত বিলকিস রাবেয়ার মেয়ে মুসলিমা খাতুন জন্মগতভাবে প্রতিবন্ধী। বর্তমানে তার বয়স প্রায় ৩৮ বছর। মা বাবাহীন অবস্থায় দীর্ঘদিন ধরে চরম কষ্টে মানবেতর জীবনযাপন করছেন তিনি।
জানা যায়, খুব ছোট বয়সেই মুসলিমা খাতুন মায়ের স্নেহ হারান। তার মা বিলকিস রাবেয়া দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত থাকার পর ২০০০ সালে মৃত্যুবরণ করেন। এরপর বাবার স্নেহেই কোনোভাবে দিন কাটছিল তার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ২০০৯ সালে তার বাবা ছাকারদ্দীন ও মৃত্যুবরণ করেন। এতে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েন মুসলিমা। মা বাবার মৃত্যুর পর প্রায় ২৩ বছর ধরে তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের শিমুলতলা গ্রামে নানাবাড়িতে বসবাস করছেন। বৃদ্ধ নানির তত্ত্বাবধানে কোনোভাবে দিন পার করলেও বয়সের ভারে নানি এখন আর আগের মতো তার দেখাশোনা করতে পারেন না। ফলে মুসলিমার জীবনযাপন দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।
জন্মগত প্রতিবন্ধকতার কারণে মুসলিমা খাতুন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না এবং কোনো ধরনের কাজও করতে অক্ষম। নিজের জীবিকার কোনো উপায় না থাকায় অন্যের সহানুভূতি ও সাহায্যের ওপর নির্ভর করেই তার দিন কাটছে। আর্থিক সংকটের কারণে চিকিৎসা, খাবার ও দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করতেও তাকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের মতে, সামান্য সহযোগিতা ও সমাজের মানবিক মানুষের সহায়তা পেলে মুসলিমা খাতুনের জীবন কিছুটা হলেও স্বস্তি পেতে পারে। তাই সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক ও মানবিক সংগঠনসহ সকল হৃদয়বান মানুষের কাছে অসহায় এ নারীর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
এলাকাবাসীর বিশ্বাস, মানবিক সহায়তা পেলে মুসলিমা খাতুনের জীবনে নতুন করে বেঁচে থাকার আশা জাগবে। সামান্য সহযোগিতাই তার জীবনে বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে। সহযোগিতার জন্য যোগাযোগ: বড় ভাই সেলিম রেজা। সাহায্য পাঠানোর মাধ্যম বিকাশ/নগদ: ০১৭২৫-৭৩১৮৩৬

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।