স্টাফ রিপোর্টার
মোড়কজাত পণ্যের নিবন্ধন ও সনদপত্র ছাড়াই ব্যবসা পরিচালনা করায় চুয়াডাঙ্গার দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সমন্বয়ে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম জানান, পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে পণ্যের সঠিক ওজন, মোড়কজাতকরণ ও গুণগত মান নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দৌলতদিয়াড় এলাকার মেসার্স জয় গোপাল অয়েল চিড়া ও মুড়ি মিলের মালিক শ্রী অসীম অধিকারীকে ওজন এবং পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘনের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের সাম্পান ফুডের মালিক ওবায়দুর রহমানকে একই আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) সুমন কুমার পাল।
এসময় কর্মকর্তারা জানান, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধ এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় প্রশাসন ও বিএসটিআইয়ের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন জেলা প্রশাসন, পুলিশ ও র্যাবের একটি টিম।
মোড়কজাত পণ্যের নিবন্ধন ও সনদপত্র ছাড়াই ব্যবসা পরিচালনা করায় চুয়াডাঙ্গায় দুই দোকানীকে ২৫ হাজার টাকা জরিমানা



