স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্মকর্তাদের সঙ্গে চুয়াডাঙ্গা-১ ও ২ আসনের সংসদ সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন বলেন, দুর্নীতি ও দালালমুক্ত বিএডিসি গড়ে তুলতে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। আপনাদের কার্যক্রম নিয়ে সমাজে নানা আলোচনা রয়েছে। অভিযোগ আছে, যারা সাপ্লাই দেয় তারা অনেক ক্ষেত্রে প্রকৃত কৃষক নন। বস্তাপ্রতি অতিরিক্ত চার্জ আদায় করা হয়, ফলে কৃষকদের বাড়তি অর্থ গুনতে হয়। পরিবহন খাতে অতিরিক্ত চার্জ এবং যন্ত্রাংশ ক্রয়ের ক্ষেত্রে সঠিক নিয়ম না মানার বিষয়েও অভিযোগ রয়েছে। এসব অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, রেজিস্টার্ড কৃষক ছাড়া যারা দুর্নীতি ও দালালচক্রের মাধ্যমে বিএডিসিকে ক্ষতিগ্রস্ত করছে, তাদের বিতাড়িত করতে হবে। প্রকৃত কৃষকদের অগ্রাধিকার দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কৃষকের স্বার্থ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক (বীপ্র) এ.এফ.এম. শফিকুল ইসলাম, উপপরিচালক (কৃষি গুদাম/গ্রো) শামীম হায়দার, উপপরিচালক (বীউ) মোহাম্মদ রেজাউল করিম, সিনিয়র সহকারী পরিচালক (বীসমক) নাজমুল হাসান সুমন এবং সিনিয়র সহকারী পরিচালক (খামার) মইনুল ইসলাম।
সভায় বক্তারা কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, স্বচ্ছতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।



