দর্শনা অফিস
দর্শনার আজিমপুর মাঠপাড়ায় গতকাল মঙ্গলবার দুপুরের মধ্যে একটি বসতঘরে চুরি ঘটে। অভিযোগ অনুযায়ী, অজ্ঞাতনামা চোর বা চোরেরা ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করেছে।
লিখিত অভিযোগে ক্ষতিগ্রস্ত মোছা মায়া খাতুন (২০) জানান, তিনি ও তার মা ফাতেমা খাতুন সকাল সাড়ে ৯টার দিকে ঘরের তালা লাগিয়ে কর্মস্থলে যান। দুপুর ১২টার দিকে ঘরে ফিরে এসে দেখা যায়, আলমারির তালা ভাঙা এবং একটি স্বর্ণের চেইন, দুই জোড়া কানের দুল, একটি নাকফুল ও নগদ ২০,০০০ টাকা লুট করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, চুরি করা হয়েছে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১১টা ৪৫ মিনিটের মধ্যে। বিষয়টি পারিবারিকভাবে আলোচনা করার পর সন্ধ্যার পরে দর্শনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
স্থানীয়রা জানান, এলাকায় এর আগে বহুবার চুরি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত চোর শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
দর্শনা আজিমপুরে দিনে দুপুরে বাড়ী থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি



