ডিঙ্গেদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজারে বিশ্ব বন্য প্রাণী দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় এই কর্মসূচির আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার জন্য”। অনুষ্ঠানে পথচারীদের মাঝে বন্য প্রাণী সংরক্ষণ ও তাদের উপকারিতা বিষয়ে লিফলেট বিতরণ করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল “ঔষধি ও সুগন্ধি উদ্ভিদ: স্বাস্থ্য, ঐতিহ্য এবং জীবিকা সংরক্ষণ”। সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় উদ্ভিদ জীববৈচিত্র্েযর গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ঐতিহ্যবাহী নিরাময় পদ্ধতি থেকে আধুনিক চিকিৎসা পদ্ধতি পর্যন্ত বহু শতাব্দী ধরে ঔষধি ও সুগন্ধি উদ্ভিদ ব্যবহৃত হয়ে আসছে। আয়ুর্বেদ, চীনা চিকিৎসা এবং আধুনিক ওষুধ গবেষণায় এই উদ্ভিদ-ভিত্তিক প্রতিকার বিশ্ব স্বাস্থ্যসেবার মূল ভিত্তি হিসেবে কাজ করছে। বক্তারা আরও উল্লেখ করেন, এসব উদ্ভিদ সংরক্ষণ কেবল পরিবেশগত স্থায়িত্বই নিশ্চিত করে না, বরং এর ওপর নির্ভরশীল স্থানীয় সম্প্রদায়ের জীবিকা ও অর্থনৈতিক নিরাপত্তাও রক্ষা করে। তাই বন্যপ্রাণী এবং উদ্ভিদ বৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পথসভায় উপস্থিত স্থানীয়রা লিফলেট বিতরণ ও আলোচনা শোনার মাধ্যমে বিশ্ব বন্য প্রাণী দিবসের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে সচেতন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শাহিন সরকার, সদস্য আঃ মান্নান, মামুনুর রশীদ মামুন, সজল, আলামিন, অপু, শিমুল, রনি, সাজু, আশিক, ছাব্বির প্রমুখ। সংগঠন পক্ষ থেকে জানা যায়, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি চলমান থাকবে, যাতে বন্যপ্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি পায়।
ডিঙ্গেদহ বাজারে পালিত হলো বিশ্ব বন্য প্রাণী দিবস



