জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় দাঁড়িপাল্লার প্রার্থী মাসুদ পারভেজ রাসেল

স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। গতকাল রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী নূর মোহাম্মদ হোসাইন টিপুর সঞ্চলানায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন জেলা ছাত্র শিবিরের সাধারন সম্পাদক হাফেজ আমিরুল ইসলাম।
মতবিনিময় সভায প্রধান অতিথি দাঁড়িপাল্লার প্রার্থী মাসুদ পারভেজ রাসেল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করলে মানুষের ন্যায়বিচার এবং মানুষের যেটা অধিকার সেটা প্রতিষ্ঠা পাবে। সেই স্বপ্ন নিয়েই মূলত আমাদের এই নির্বাচনটা। আপনারা সকলেই জানেন যে চব্বিশ সালের নির্বাচনের পরে একটি মেয়াদ শেষ হওয়ার আগেই কিন্তু আর একটা নির্বাচন হচ্ছে একটা প্রেক্ষাপটের কারণে। সেই প্রেক্ষাপটের কারণটাই ছিল দেশটাকে একটি ভালো দিকে নিয়ে যাওয়া। সেই প্রেক্ষাপটটা যেন আগামী নির্বাচনের মধ্য দিয়ে যে ভালোর জন্য আমাদের ছাত্র-যুব-জনতা জীবন দিয়েছেন, যে বাংলাদেশকে একটি বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তোলার জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সুবিচারের বাংলাদেশ গঠনের জন্য যে একাত্তর সালে সংগ্রাম হয়েছিল, সেই রকমের বাংলাদেশ গঠনে আমরা যেন এই নির্বাচনের মধ্য দিয়েই এগিয়ে যেতে পারি সেটাই আমাদের সকলের চাওয়া। সেই চাওয়া পূরণে আপনারা আপনাদের জায়গা থেকে ভূমিকা পালন করছেন। আমরা জনগণকে সাথে নিয়ে ভূমিকা পালন করার চেষ্টা করছি। আমরা সর্বোপরি জনগণ এই প্রত্যাশিত এবং বহুল প্রতীক্ষিত একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছি।
তিনি আরো বলেন, আমরা বিভিন্ন জায়গায় যা একটু কথাবার্তা শুনছি, সেগুলো আপনারাও জানেন বিভিন্ন ধরনের হুমকি-ধামকি এই জাতীয় বিষয়গুলো বিভিন্ন জায়গায় আমাদের পরিলক্ষিত হচ্ছে।  যারা নির্বাচনে দায়িত্বে আছেন তাদের আমরা অবহিত করছি। সকল মানুষ যেন ভয়- ভীতিহীন ভাবে ভোট সেন্টারে যেতে পারেন এ ব্যাপারে প্রশাসন এবং আমরাও  আগ্রহী এবং আপনারাও আমার মনে হয় এ ব্যাপারে সবাই আগ্রহী। নাগরিক হিসেবে প্রত্যেকটি মানুষের অধিকার আছে ভোট প্রদান করার। সেই হিসেবে এই অধিকারটা যেন নিশ্চিত হয় সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে যারা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত লোকজন আছে তাদেরকে অবহিত করছি এবং ওনাদের আগ্রহ-উদ্দীপনাও মনে হয়েছে এ ব্যাপারে পজেটিভ। সেক্ষেত্রে আপনাদেরও একটি সঠিক ভূমিকা আমরা প্রত্যাশা করছি যাতে প্রত্যেকটি মানুষ একেবারে হাসতে খেলতে ভোট সেন্টারে যাবে আবার ভোট দিয়ে সুন্দরভাবে নিরাপদে ফিরে আসবে। পথিমধ্যে বা কোনো জায়গায় সে কোনো প্রকার থ্রেট বা কোনো প্রকার বাধার সম্মুখীন হবে না। এটা আমাদের একটি সুন্দর জাতি গঠনের প্রথম স্টেপ বলে আমরা মনে করি। সেক্ষেত্রে আপনারা আপনাদের জায়গা থেকে ভূমিকা পালন করবেন বলে আমার প্রত্যাশা যাতে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আমাদের জানামতে যেহেতু আপনারাও মানুষের সাথে মেশেন, আমরাও মানুষের সাথে মিশি, সেই ক্ষেত্রে অনেক লোকাল মানুষের একটা ধারণা আছে যে নির্বাচন ব্যাপারে আমরা সুষ্ঠুভাবে ভোট সেন্টারে যেতে পারব কি না? ভোট সঠিকভাবে হবে কি না? আবার সাধারণ যারা মানুষ দিন আনে দিন খায়, তারা অনেকের দ্বারা ভীতি বা ভয়ের কারণেই মানুষের সামনে কথা বলতে পারে না। এই রকমের সমস্যাগুলো যাতে সামনের দিনে না হয় সে ব্যাপারে আপনাদের সাথে নিয়েই কিন্তু এই নির্বাচনটা পরিচালিত করছে প্রশাসন এবং আপনাদের ভোটের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ রয়েছে। সেটা আপনারা নিশ্চিত করবেন বলে আপনাদের কাছে প্রত্যাশা।
চুয়াডাঙ্গা জেলাকে একটি ‘সি ক্যাটাগরি’র  জেলাতে রেখে দেওয়া হয়েছে। এটার ব্যাপারে আমরা সকল প্রার্থীরাই মনে হয় বলছি যে এটাকে আরও উন্নতির দিকে নিয়ে যাব। সেই হিসেবে আমি বলছি যে এটাকে আমরা অবশ্যই সামগ্রিক উন্নয়নের মধ্য দিয়ে ‘এ ক্যাটাগরি’র জেলাতে উন্নীত করতে চাই। পাশাপাশি আমাদের সাংবাদিক হিসেবে যারা ভূমিকা পালন করেন তাদের যে সমস্ত চাওয়া-পাওয়াগুলো আছে, সকল শ্রেণি-পেশার মানুষের যে চাওয়া-পাওয়াগুলো আছে সেগুলো যে যে ব্যাপারগুলোতে ভালো এক্সপার্ট তাদের সাথে পরামর্শ করেই মূলত এটা সমাধানের দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।
এ সময় আরো বক্তব্য রাখেন, আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, এবি পার্টির চুয়াডাঙ্গা জেলা কমিটির আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব আলী রশিদী মজনু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সাফফাতুল ইসলাম, সদর উপজেলার আহ্বায়ক ফাহিম উদ্দিন মবিন, চুয়াডাঙ্গা পৌর আমির এ্যাড. হাসিবুল ইসলাম, সাধারন সম্পাদক মোস্তফা প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।