স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের ৫৪ তম জাতীয় অন্ত স্কুল- মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সমাপনী দিনে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯ টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা। অনুষ্ঠানে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, ক্রীড়া শপথ পাঠ এবং মাঠ প্রদক্ষিণের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন সারা বছর শুধু পড়ালেখা নয়, পড়ালেখার একঘেয়েমিতা রোধে সরকারিভাবে বছরে দুটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। একটি গ্রীষ্মকালীন অপরটি শীতকালীন। শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা যেহেতু বছরের শুরুতে হয় তখন পড়া-লেখার চাপটাও কম থাকে। এ সময় খেলাধুলা ও শরীরচর্চার কাজটি ভালোমতো করতে পারে শিক্ষার্থীরা। আমি চাইবো সরকারি এই সুযোগ ব্যবহার করে চুয়াডাঙ্গা সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে বিকশিত হতে পারে। সকলে গড়ে উঠুক শরীর ও মননে সুনাগরিক হয়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা, ক্রীড়া পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকালে একক ও দলীয় ইভেন্টের পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভীন, চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলি, বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফজলুর রহমান, মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন সহ চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সহকারী শিক্ষকগণ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নূর হোসেন।
দলীয় ইভেন্ট সহ চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের এ্যাথেলেটিকস প্রতিযোগিতার ইভেন্টগুলো পরিচালনা করেন রকিবুল ইসলাম, ফিরোজ উদ্দিন, হাফিজুর রহমান, আব্দুল হাই, শামসুন্নাহার শিলা, বিলকিস নাহার, আইরিন ইসলাম, শাহ আলম, হাসান আলী, মোমিনুর রহমান, সোয়েব আহাম্মেদ, আরিফুল ইসলাম, মুক্তাদির রহমান, শহিদুল ইসলাম, শামিমা খাতুন, রিপা শাহারিয়ার, খাজির আলী, দিলরুবা খুকু প্রমুখ।



