নওগার জবই বিলের মৎস্যজীবীদের মুখে হাসি, ৭৯৯ জনের প্রত্যেকে পাচ্ছেন ১৭ হাজার ৩০০ টাকা

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে জবই বিল মৎস্যচাষ উন্নয়ন প্রকল্পের জমাকৃত অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ৭৯৯ জন সুফলভোগী মৎস্যজীবী জনপ্রতি ১৭ হাজার ৩০০ টাকা করে পাবেন। এতে বিতরণ করা হবে ১ কোটি ৩৮ লাখ ২২ হাজার ৭০০ টাকা। গতকাল শনিবার দুপুরে উপজেলার পাহাড়িপুকুর মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্যজীবীদের হাতে চেক তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জবই বিল মৎস্যচাষ উন্নয়ন প্রকল্পের জমাকৃত অর্থ থেকে ৭৯৯ জন সুফলভোগী মৎস্যজীবীকে জনপ্রতি ১৭ হাজার ৩০০ টাকা করে প্রদান করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) ও সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।