দামুড়হুদার বেড়বাড়ী গ্রামের পানির সংকট নিরসনে প্রবাসীদের উদ্যোগে নলকূপ স্থাপন

সাইদুর রহমান, দামুড়হুদা অফিসঃ
দামুড়হুদার বেড়বাড়ী গ্রামের মানুষের দৈনন্দিন পানির সংকট নিরসনে বিভিন্ন স্থানে নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছেন গ্রামের প্রবাসীরা। নিজ গ্রাম ও গ্রামের মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং সামাজিক কল্যাণের চিন্তা থেকে প্রবাসীদের এমন মহৎ উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে। দৈনন্দিন পানিপান, অজু, হাত-পা ধোয়া ও অন্যান্য প্রয়োজনীয় কাজে পানির সংকটে পড়তে হয় গ্রামের অনেক মানুষকে। এ দুর্ভোগ লাঘব এবং সাধারণ মানুষের জন্য পানির সহজলভ্যতা নিশ্চিত করতে বেড়বাড়ীর প্রবাসীরা সম্মিলিতভাবে নলকূপ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছেন।


এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে গতকাল শুক্রবার বেড়বাড়ী খেলার মাঠ, আদম মোড়, মরাগাংয়ের ধারে মাঠের মাঝামাঝি স্থানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বেড়বাড়ী গ্রামের সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে নলকূপ স্থাপনের প্রয়োজনীয়তা, স্থান নির্বাচন ও উদ্যোগ বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সভায় উপস্থিত স্থানীয়রা প্রবাসীদের এ উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় ও মানবিক বলে উল্লেখ করেন। তারা বলেন, প্রবাসীরা দূরদেশে থেকেও নিজের গ্রামের মানুষের কষ্টের কথা ভাবছেন এবং গ্রামের উন্নয়ন ও জনকল্যাণে এগিয়ে এসেছেন—এটি সত্যিই গর্বের বিষয়। তাদের এই উদ্যোগ শুধু পানির সংকট দূর করতেই ভূমিকা রাখবে না, বরং গ্রামের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে।


গ্রামের মানুষের কল্যাণে প্রবাসীদের এমন উদ্যোগ অন্যদেরও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সবাই। প্রবাসীদের এই মহৎ উদ্যোগ সফল করতে গ্রামের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।