জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও আলোচনা সভা, ১৮ স্টলে পশুপাখি প্রদর্শন

স্টাফ রিপোর্টার

‘রপ্তানিমুখি প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায়  জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা  ১১টায় সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন শেষে এ উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

র‌্যালি শেষে স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রপ্তানিমুখী শিল্প হিসেবে প্রাণিসম্পদ খাতের অপার সম্ভাবনার ওপর আলোকপাত করেন। তারা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খামারিদের উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মাসুদ পারভেজ রাসেল। এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, প্রাণিসম্পদ সপ্তাহের মাধ্যমে আমরা জানতে পারি যে সারাদেশে গবাদি পশু পালন করে কিভাবে স্বাবলম্বী হওয়া যায়। সারাদেশে দিন দিন বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশের বেকার যুবকরা যদি উদ্যোক্তা হয়ে গবাদি পশুর খামার করে তাহলে অবশ্যই দেশের বেকারত্ব হ্রাস পাবে।

আমরা প্রায়ই টিভিতে নানান রকমের নিউজ দেখি যে বড় বড় খামার করে অনেকে স্বাবলম্বী হন। এই স্বাবলম্বী হওয়ার পিছনে প্রাণিসম্পদের অধিক গুরুত্ব রয়েছে। আমাদের চুয়াডাঙ্গা জেলায় রয়েছে বিখ্যাত ব্লাক বেঙ্গল ছাগল। আপনারা অনেকেই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে স্বাবলম্বী হতে পারেন। এটি আমাদের জেলার নিজস্ব জাত। প্রাণিসম্পদ সপ্তাহ সম্পর্কে সকলে জানতে পারলে অনেকেই উদ্যোক্তা মুখী হবেন। এর জন্য জেলার সাংবাদিকদের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) কানিজ ফাতেমা, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহ আলম সনি প্রমুখ।

উৎসবমুখর এ আয়োজনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারিদের অংশগ্রহণে মোট ১৮টি প্রদর্শনী স্টল বসানো হয়। স্টলগুলোতে খামারিরা তাদের পালিত উন্নত জাতের গরু, ছাগল, হাঁস ও মুরগিসহ বিভিন্ন গৃহপালিত পশুপাখি প্রদর্শন করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাসুদ পারভেজ রাসেলসহ অন্যান্য অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন এবং খামারিদের সঙ্গে বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।