জীবননগর মিনাজপুরে খালেককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে সাবেক স্ত্রীসহ তিন নারী জেলহাজতে

জীবননগর অফিস :

জীবননগরে আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে তার সাবেক স্ত্রীসহ তিন নারীকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ নিজ গ্রামে দাফন করা হয়েছে।

জেলহাজতে পাঠানো তিন নারী হলেন নিহত আব্দুল খালেকের সাবেক স্ত্রী পাপিয়া খাতুন (৪৪), তার ভাই ইসমাইল হোসেনের স্ত্রী রেবেকা খাতুন (২২) এবং তার ভাই ওসমান গনীর স্ত্রী নাসিমা খাতুন (২৫)। বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত শেষে বাঁকা গ্রামের পূর্বপাড়ায় নিজ বাড়িতে আব্দুল খালেকের মরদেহ দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

গত বুধবার বিকেলে জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের ইলাপাড়ায় জমির বন্ধক বাবদ টাকা দিতে যান আব্দুল খালেক। এ সময় পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে তার ওপর নৃশংস হামলা চালানোর অভিযোগ ওঠে।

হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে মাঠে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহত আব্দুল খালেক জীবননগর উপজেলার বাঁকা গ্রামের পূর্বপাড়ার মৃত আজীর বক্স মণ্ডলের ছেলে। চার বছর আগে পারিবারিক কলহের জেরে তার সঙ্গে সাবেক স্ত্রী পাপিয়া খাতুনের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তারা আলাদা বসবাস করছিলেন। 

এদিকে খালেকের মৃত্যুর খবর পাওয়ার পরপরই জীবননগর থানা পুলিশ তার সাবেক শ্বশুরবাড়ি মিনাজপুর গ্রামে অভিযান চালায়। এ সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পাপিয়া খাতুন, রেবেকা খাতুন ও নাসিমা খাতুনকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় সাবেক স্ত্রীর দুই ভাই ওসমান ও ইসমাইল পলাতক রয়েছে। 

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, “খালেকের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জীবননগর থানা পুলিশ তার সাবেক শ্বশুরবাড়ি মিনাজপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদের ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। ”তিনি আরও বলেন,খালেক হত্যাকাণ্ডের ঘটনায় আজ একটি হত্যা মামলা রুজু করা হবে। বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।