দৃষ্টিপ্রতিবন্ধী সংগীতশিল্পী রেজাউল করিমের পাশে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন

খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা

জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী সংগীতশিল্পী ও শিক্ষক মোহাম্মদ রেজাউল করিমের অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন। সংবাদ প্রকাশের পর তাঁর স্ত্রীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন, দর্জির কাজের উপকরণ, বিভিন্ন ধরনের সিট কাপড় ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার রেজাউল করিম ও তাঁর পরিবারের হাতে একটি সেলাই মেশিন, কাপড়, সুই-সুতা ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ এবং নগদ ৫ হাজার টাকা তুলে দেন।চার দশক ধরে গান শেখান রেজাউল, তবু দুমুঠো খাবারের জন্য ঘুরতে হয় দ্বারে দ্বারে’ শিরোনামে তাঁর দুর্দশার কথা তুলে ধরে একটি মানবিক প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি নজরে আসার পর উপজেলা প্রশাসন তাঁর পরিবারের খোঁজখবর নেয় এবং স্ত্রীকে সেলাইয়ের কাজের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করে।

সহায়তা পেয়ে রেজাউল করিম উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সহযোগিতা তাঁর পরিবারের জন্য নতুন আশার আলো হয়ে এসেছে।

রেজাউল করিম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মাঝেরপাড়া গ্রামের বাসিন্দা। শৈশবে কেদারগঞ্জ আদর্শ অন্ধ বিদ্যালয়ে পড়াশোনা করে ব্রেইল পদ্ধতিতে ১৯৯২ সালে এসএসসি পাস করেন। পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমিতে সংগীত প্রশিক্ষণ নিয়ে শিক্ষকতা শুরু করেন। প্রায় চার দশক ধরে অসংখ্য শিক্ষার্থীকে সংগীত শিখিয়েছেন তিনি।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পিআইও মৈদুদ আলম খান, শিক্ষা অফিসার আলাউদ্দিন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, সাংগঠনিক সম্পাদ্য আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু  ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপজেলা প্রশাসনের এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।