তারিকুর রহমান জীবননগর অফিস :
জীবননগর উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্যের বিস্তার রোধ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকার মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদকদ্রব্যের বিস্তার রোধ, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, জননিরাপত্তা জোরদার, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে নিয়মিত অভিযান, নজরদারি বৃদ্ধি এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
উপস্থিত সদস্যরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত ও নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত, সুপারিশ ও দিকনির্দেশনা তুলে ধরেন। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আতিয়ার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা সমবায় কর্মকর্তা নূর আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা।



