খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা
চুয়াডাঙ্গা পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত সভায় অক্টোবর মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও পুলিশি কার্যক্রমে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলমডাঙ্গা থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামকে সম্মাননা স্মারক, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া আলমডাঙ্গা থানার এসআই মেহেদী হাসান, এসআই শীতল কুমার, এসআই এসএম নিয়ামুল হক, এএসআই জামির হোসেন ও এএসআই হাসিবুর রহমানকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।
সভায় পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ যোগ্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা, মনোবল ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতেও সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সম্মাননা অর্জনে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম থানার সকল অফিসার ও ফোর্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আলমডাঙ্গার সাধারণ মানুষ এবং বিভিন্ন সময় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতাকারীদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে আলমডাঙ্গা থানা পুলিশ বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।



