খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা
আলমডাঙ্গা পৌরসভার শহর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা এবং পৌরসভার মহাপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা পৌরসভার কনফারেন্সরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, আলমডাঙ্গা পৌরসভার মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, সিডিএ সহিদুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা বানারাম ঘোষ, উপসহকারী প্রকৌশলী আসাদুল খান, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল।
পৌরসভার সিএ এইচ আর জীবনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মিজানুর রহমান, খন্দকার হাবিবুল করিম চলচল, সাবেক পৌর কাউন্সিলর কাজী আলী আজগর সাচ্চু, ইকবাল হোসেন মিয়া, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন, সমাজকর্মী আসাদুজ্জামান মিন্টু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, এমদাদ হোসেন, রাকিবুল ইসলাম, উম্মে হালিমা, মুসাব প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার বলেন, আলমডাঙ্গা পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। পৌরসভার মহাপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, নাগরিক প্রতিনিধি ও সুধীজনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে অপরিকল্পিত স্থাপনা, ড্রেনেজ সমস্যা, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাটের উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তিনি আরও বলেন, শহরের উন্নয়ন শুধু পৌর কর্তৃপক্ষের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে নাগরিকদেরও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা প্রয়োজন। সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য আলমডাঙ্গা গড়ে তোলা সম্ভব।
সভায় বক্তারা আলমডাঙ্গা পৌরসভার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা, বর্জ্য অপসারণ, যানজট নিয়ন্ত্রণ এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, পৌরসভার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শহরের সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকারভিত্তিতে সমাধানের উদ্যোগ নিতে হবে। নিয়মিত শহর সমন্বয় কমিটির সভার মাধ্যমে উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের ওপরও তাঁরা গুরুত্ব দেন। সভায় আলমডাঙ্গা পৌরসভার মহাপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার মতামত, পরামর্শ ও সহযোগিতার ভিত্তিতে একটি পরিকল্পিত, আধুনিক ও নাগরিকবান্ধব পৌর শহর গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।



