স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার আসামী সাবেক ইউপি চেয়ারম্যান মো. আক্তাউর রহমান ওরফে মুকুলকে (৫৬) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১২ টার দিকে চুয়াডাঙ্গা দৌলতদিয়ার বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আক্তাউর রহমান মুকুল চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।
জেলা পুলিশ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. হিমেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালান। এ সময় একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আক্তাউর রহমান ওরফে মুকুলকে গ্রেপ্তার করা হয়। মুকুলের বিরুদ্ধে ২০২৪ সালের ২০ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। পরে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয় ।



