দামুড়হুদার তারিনীপুর গ্রামে ঘুমন্ত যুবকের গলা কেটে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি হাসান গ্রেফতার

স্টাফ রিপোর্টার
দামুড়হুদায় ঘুমন্ত অবস্থায় এক যুবকের গলা কেটে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর মামলার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রধান আসামি মো. হাসান আলীকে (২৭) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেফতারকৃত হাসান আলী দামুড়হুদার তারিনীপুর মাঠপাড়ার মো. ইদ্রিস আলীর ছেলে। বর্তমানে তিনি মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ফুলবাগানপাড়ায় বসবাস করেন।

পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর রাত ২টার দিকে দামুড়হুদা উপজেলার তারিনীপুর গ্রামের ফার্নিচার রংমিস্ত্রী মো. হোসেন আলী (২৩) নিজ ঘরের বিছানায় ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা শয়নকক্ষের দেয়ালের ইটের ফাঁকা স্থান দিয়ে ধারালো হাসুয়া প্রবেশ করিয়ে তার গলায় কোপ দেয়। এতে তিনি গুরুতর জখম হন। এরপর পরই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বড় বোন শামসুন্নাহার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।


ঘটনার পর তদন্ত শুরু করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়ার নেতৃত্বে গঠিত টিম গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তারিনীপুর এলাকা থেকে মামলার প্রধান আসামি মো. হাসান আলীকে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হাসান আলী জানান, পূর্বশত্রুতার জেরে তিনি ঘটনার রাতে ওই যুবকের ঘরের ইটের ফাঁক দিয়ে ধারালো হাসুয়া ঢুকিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেন। হামলা চালিয়েই তিনি পালিয়ে মেহেরপুরে চলে যান। আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হলে তিনি বিচারকের সামনে নিজের অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।