স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। আগামীকাল ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
চুয়াডাঙ্গা -৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান জানান, শারদীয় দূর্গোৎসব নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী ২৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সমন্বিত নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন।
বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী গৃহীত নিরাপত্তা পরিকল্পনার আওতায় ব্যাটালিয়ন সদর এর ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ২টি এবং সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ২২টি পূজামণ্ডপ অন্তর্ভুক্ত রয়েছে।
সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন, পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবে বিজিবি। পাশাপাশি গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার ৪ উপজেলায় এবার ১১৬ মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩৩টি, আলমডাঙ্গায় ৩৯টি, দামুড়হুদায় ২০টি ও জীবননগর উপজেলায় ২৪টি। ইতিমধ্যে পূজা মণ্ডপে প্রতিমা তৈরি, প্যান্ডেল ও আলোকসজ্জার কাজ সম্পন্ন হয়েছে। আগামীকাল শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজার অনুষ্ঠানিকতা শুরু হবে।
চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন



