স্টাফ রিপোর্টার
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও সুশৃঙ্খলভাবে উদ্যাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গার ৬২টি দুর্গামন্দিরে আর্থিক অনুদান দিয়েছে জেলা পরিষদ। প্রতিটি মন্দিরকে ৫ হাজার টাকার একটি করে চেকের পাশাপাশি ১ হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামাল দেয়া হয়েছে। গতকাল রবিবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মন্দিরগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের চেক ও মালামাল তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে শরীফুজ্জামান শরীফ বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ানোর সুযোগ তৈরি করে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে দুর্গোৎসব উদ্যাপনের আহ্বান জানিয়ে বলেন, উৎসবকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। দুর্গাপূজা উদ্যাপনে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন তিনি। জেলা পরিষদের এ উদ্যোগে দুর্গামন্দিরগুলোর পূজা আয়োজনের প্রস্তুতিতে কিছুটা হলেও সহায়তা হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পূজার আনুষ্ঠানিকতা, মন্দিরের সাজসজ্জা ও অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতির পাশাপাশি উৎসবকে সুশৃঙ্খল রাখতে আয়োজকদের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেয়া হয়। শরীফুজ্জামান শরীফ আরও বলেন, আমি জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব নেয়ার পর বিভিন্ন মন্দির ও শ্মশানে সংস্কার কাজের জন্য বরাদ্দ দিয়েছি। পর্যায়ক্রমে জেলার সকল মন্দিরে বরাদ্দ দেয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, জেলা পূজা উদ্যাপন কমিটির সমন্বয়ক হেমন্ত কুমার সিংহ রায়, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুরেশ কুমার আগরওয়ালা ও সাধারণ সম্পাদক উত্তম রঞ্জন দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক উৎপল কুমার বিশ্বাস অপু, জেলা হিন্দু কল্যাণ ফ্রন্টের সভাপতি স্বাধীন অধিকারী ও সদস্য সচিব স্বপন কুমার বিশ্বাস, গণমাধ্যমকর্মী এবং জেলার ৬২টি দুর্গামন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।



