বিজিবির প্রতিরোধে মেহেরপুরের রংমহল সীমান্ত দিয়ে ৬ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ

মেহেরপুর প্রতিনিধি


মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে নারী ও পুরুষসহ ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর শক্ত প্রতিরোধে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয়। পরে শূন্যরেখায় তাদের সাথে কথা বলে সকাল সাড়ে আটটার দিকে ওই ছয়জনকে নিজেদের সীমানায় ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

আজ রবিবার (১১ অক্টোবর) ভোরে রংমহল সীমান্তের ১৩৭ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। কুয়াশাচ্ছন্ন পরিবেশের সুযোগ নিয়ে তাদের পুশইনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের প্রবেশে বাঁধা দেয়।

রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার বিলাল হোসেন জানান, ভোরের দিকে সীমান্তের ১৩৭ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে কয়েকজনকে বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় কুয়াশাচ্ছন্ন পরিবেশ ছিল তাই গ্রামবাসীদের সহায়তায় বিজিবির টহল দল তাদের প্রতিরোধ করে। কোনোভাবেই তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।

তিনি আরও জানান, ওই ছয়জনের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে সকাল সাড়ে আটটার দিকে তাদের ভারতীয় সীমানায় ফিরিয়ে নেয়। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।