চুয়াডাঙ্গার ডিংগেদহ হাটখোলা বাজারে হামলা, বাড়ি ভাঙচুর ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পদ্মবিলা  প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিংগেদহ হাটখোলা বাজার এলাকায় দিনে-দুপুরে বাড়িতে হামলা, জানালা-দরজা ভাঙচুর, মারধর ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সজীব নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

আজ সকালে প্রায় ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত সজীব একই এলাকার আখের উদ্দিনের ছেলে। অন্যদিকে, ভুক্তভোগী রফিকুল ইসলাম মৃত আবু তালেবের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, সকালে রফিকুল  ইসলাম বাড়িতে  না থাকায় তার বাড়িতে  হামলা চালিয়ে জানালা-দরজা ভাঙচুর ও মারধর করা হয়। এ সময় তাঁর স্ত্রীর গলা থেকে মারধর করে  স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। তবে কী কারণে এ ঘটনার সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, “অভিযোগ পেয়েছি। আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এদিকে, দিনের বেলায় এমন ঘটনার অভিযোগে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগটি তদন্ত করে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পক্ষ।

তবে এ বিষয়ে অভিযুক্ত সজীবের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।