আলমডাঙ্গায় ‘খাদ্যই যখন পথ্য’ স্লোগানে ডায়েট থেরাপি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস

‘খাদ্যই যখন পথ্য’—এই স্লোগানকে সামনে রেখে রোগ প্রতিরোধ ও নিরাময়ে ডায়েট থেরাপি বিষয়ক একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে আলমডাঙ্গা কমিউনিটি সেন্টারে আলমডাঙ্গা কোর্টপাড়া কমিউনিটির উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

আলমডাঙ্গা কোর্টপাড়া কমিউনিটির সভাপতি মো. ইকবাল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তার। তিনি বলেন সুস্থ ও দীর্ঘায়ু জীবনের জন্য সঠিক খাদ্যতালিকাকে সবচেয়ে কার্যকর ওষুধ বা পথ্য হিসেবে উল্লেখ করেন।

নিয়মিত খাদ্যাভ্যাসের পরিবর্তন কীভাবে বড় বড় রোগ প্রতিরোধ এবং নিরাময় করতে পারে, তা নিয়ে আলোচনা করাই ছিল এই সেমিনারের মূল উদ্দেশ্য।

প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়ার ডায়েট হোমসের ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদ মোছা. ফাহমিদা খাতুন।

আলমডাঙ্গা কোর্টপাড়া কমিউনিটির নির্বাহী সদস্য ও বিশিষ্ট সমাজকর্মী গোলাম মোস্তফা বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কমিউনিটির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, নির্বাহী সদস্য ও বিশিষ্ট সমাজকর্মী মাগরিবুর রহমান, কামরুজ্জামান হিমেল, জাহাঙ্গীর আলম, জহুরুল ইসলাম, শাহেদ আহমেদ প্রমুখ।

সেমিনারে প্রধান আলোচক পুষ্টিবিদ মোছা. ফাহমিদা খাতুন বলেন, বিভিন্ন রোগে আক্রান্ত হলে কী খাব, কী খাব না, কেন খাব, কেন খাব না, কী পরিমাণ খাব এবং কখন খাব—এসব প্রশ্ন এখন মানুষের মুখে মুখে। এসব প্রশ্নের সঠিক ও বিজ্ঞানসম্মত উত্তর দিতে পারেন একজন প্রশিক্ষিত পুষ্টিবিদ বা ডায়েটিশিয়ান।

তিনি বলেন, উন্নত বিশ্বে বিভিন্ন রোগের চিকিৎসায় চিকিৎসকের পাশাপাশি পুষ্টিবিদের পরামর্শকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। কারণ, রোগীর শারীরিক অবস্থা, রোগের ধরন ও পুষ্টির চাহিদা বিবেচনা করে সঠিক খাদ্যতালিকা নির্ধারণ করা চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ।

ফাহমিদা খাতুন আরও বলেন, শিশু-কিশোর, নারী-পুরুষ ও বয়স্ক ব্যক্তিদের পুষ্টির চাহিদা এক রকম নয়। আবার রোগভেদেও খাদ্যাভ্যাস ও পুষ্টির প্রয়োজনীয়তা পরিবর্তিত হয়। তাই সবার জন্য একই ধরনের খাদ্যতালিকা অনুসরণ না করে বয়স, শারীরিক অবস্থা ও রোগের ধরন অনুযায়ী পুষ্টিবিদের পরামর্শ নেওয়া প্রয়োজন।

তিনি জানান, মানুষের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন রোগে উপযুক্ত খাদ্যাভ্যাস সম্পর্কে পরামর্শ দেওয়ার লক্ষ্যে কুষ্টিয়ায় ডায়েট হোমস নামে একটি পুষ্টি পরামর্শ প্রতিষ্ঠান চালু হয়েছে। এ ধরনের উদ্যোগ মানুষকে সঠিক খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করতে এবং সুস্থ জীবনযাপনে সহায়তা করতে পারে। সেমিনারে উপস্থিত ছিলেন 

স্থানীয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, সমাজসেবক, সাংবাদিক এবং স্বাস্থ্যসচেতন ব্যক্তিরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।