আলমডাঙ্গায় পৃথক অভিযানে তিন আসামি গ্রেপ্তার

আলামডাঙ্গা অফিস

আলমডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে বিস্ফোরক ও সহিংসতাসংক্রান্ত মামলার এক আসামি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার এক আসামি এবং পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত তিনজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মিলন উদ্দিন মণ্ডলকে (৪৫) গ্রেপ্তার করেন। তিনি উপজেলার আসাননগর উত্তরপাড়ার মৃত আনছার আলী মণ্ডলের ছেলে। বিস্ফোরক দ্রব্য আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা আলমডাঙ্গা থানার একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে শুক্রবার রাত ১২টা ১০ মিনিটে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, এসআই আলমগীর হোসেন ও এসআই মো. আমিনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সাদেকুর রহমান পলাশকে (৪০) গ্রেপ্তার করেন। তিনি গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার মৃত জামাল উদ্দিন ওরফে বাহাদুর মাস্টারের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে শুক্রবার রাত ২টা ৪০ মিনিটে গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া এসআই কাজী শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জিআর-৫১২/১৬ নম্বর মামলার পরোয়ানাভুক্ত আসামি রফিকুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেন। তিনি গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার মৃত মওলা হোসেনের ছেলে। শুক্রবার রাত ১২টা ৩৫ মিনিটে ওই এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।