স্টাফ রিপোর্টার :
চুয়াডাঙ্গা সার্কিট হাউস ফুটবল মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো ‘নাইট ফুটবল ম্যাচ ২০২৬’। তরুণ ও কর্মজীবী প্রজন্মকে মাদকযুক্ত সমাজ থেকে দূরে রেখে সুস্থ বিনোদনে আকৃষ্ট করার লক্ষ্যে আয়োজিত এই নৈশকালীন টুর্নামেন্টে মুখোমুখি হয় স্থানীয় দুটি শক্তিশালী দল— ‘সিএনবি পাড়া সেনেগাল’ এবং ‘রজনীগন্ধা নাইট রাইডার্স’।
খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ের মধ্যে আক্রমণ ও পাল্টা-আক্রমণ হলেও কোনো পক্ষই গোল করতে সমর্থ হয়নি। ফলে নির্ধারিত সময় শেষে ম্যাচটি গোলশূন্য ড্র থাকে। পরবর্তীতে খেলার ফলাফল নির্ধারণের জন্য ট্রাইবেকার পদ্ধতির সহযোগিতা নেওয়া হয়। ট্রাইবেকারে রজনীগন্ধা নাইট রাইডার্সকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘সিএনবি পাড়া’ সেনেগাল।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়কর আইনজীবী ওয়ালিউল্লাহ খান সুজন। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম পচা এবং সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম।
আয়োজকরা জানান, এই ধরনের জমকালো আয়োজন যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ বিনোদনের ধারা বজায় রাখতে দারুণ ভূমিকা রাখবে। মাঠের এই সাফল্য ধরে রাখতে আগামী শুক্রবার রাতে একই মাঠে শিশু-কিশোরদের জন্য অনুরূপ আরও একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে আয়োজক কমিটি জানান।
চুয়াডাঙ্গায় নাইট ফুটবল ম্যাচে টাইব্রেকারে সিএন্ডবি পাড়া সেনেগালের জয়লাভ



