চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার নবনিযুক্ত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সঙ্গে দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দকে স্বাগত জানান। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা, বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করবে। অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যবসায়ী সমাজসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ জেলার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।